তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। একই সঙ্গে অনলাইনে সারা দেশের ৫০৩টি উপজেলায় এই আসরের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রতিযোগিতার ১০টি শ্রেণিতে অংশ নেওয়া ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। খুলনা স্টেডিয়ামে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান। গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোররা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে, যার উত্তরে প্রধানমন্ত্রী মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নিচ্ছে। এবারের আসরে আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় মোট ১০টি ক্রীড়া ইভেন্টে ক্ষুদে খেলোয়াড়রা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য, গত ২ মে সিলেটে এই কর্মসূচির যাত্রা শুরু হয়েছিল। দ্বিতীয় আসরের জন্য সারা দেশে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন করেছে। বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

















