হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ফুঁসে উঠেছে দলটি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাতে রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। রাত ১০টার দিকে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন ও তারিকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে হামলার জন্য যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন এনসিপির নেতারা। তারা অভিযোগ করেন, সরকার জুলাইয়ের নায়কদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। অবিলম্বে এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, এই হামলার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, হবিগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে। একইসঙ্গে দেশের সকল মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে স্ব-স্ব এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় আগামীকাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে তা জানানো হয়েছে।

















