নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির উঠানে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে দুই ভাই বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের বাড়ির পল্লী বিদ্যুতের আর্থিং তারে মোয়াদ মিয়া স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে অপর ভাই আরাফাতও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম শেষে নিহত শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
















