তথ্য মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি জহির উদ্দীন স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ইয়াসির খান চৌধুরী। দীর্ঘদিন ধরে পারস্পরিকভাবে ঘনিষ্ঠ এই দুই নেতা এখন একসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।
প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী লন্ডনে বিবিসিতে দীর্ঘসময় কর্মরত থাকার সময় থেকেই আন্দালিভ রহমান পার্থর সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বয়সে এবং রাজনীতির মাঠে আন্দালিভ রহমান পার্থ ইয়াসির খান চৌধুরীর সিনিয়র। শুধু ব্যক্তিগত বন্ধুত্বই নয়, দুই পরিবারের মধ্যেও রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক। আন্দালিভ রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু এবং ইয়াসির খান চৌধুরীর পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। উল্লেখ্য, আনোয়ারুল খান চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম সংসদে ময়মনসিংহ-৯ (নন্দাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে একই আসন থেকে ইয়াসির খান চৌধুরীর চাচা খুররম খান চৌধুরীও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের শুরুতেই আন্দালিভ রহমান পার্থর মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল। একটি সূত্র জানায়, সে সময় তাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি। শেষ পর্যন্ত সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় রদবদলের সময় তাকে তথ্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
তাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুই বন্ধু মিলে তথ্য ও গণমাধ্যম খাতে প্রয়োজনীয় সংস্কারসহ শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করতে চান। নতুন মন্ত্রী হিসেবে আন্দালিভ রহমান পার্থর নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, ‘আমরা সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ করছি। আমরা টিমওয়ার্কে বিশ্বাস করি। আশা করি, তথ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে আমরা একসঙ্গে কাজ করে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পারব।’

















