অপরাধ

পিচ্চি রাজা পলায়ন: ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
সব খবর

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে বাদশা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে প্রিজন ভ্যানের চালকও অন্তর্ভুক্ত রয়েছেন। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, রবিবার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরা দেওয়ার জন্য প্রিজন ভ্যানে করে পিচ্চি রাজাকে ঢাকায় নেওয়া হয়। হাজিরা শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে আসামি প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার অনুমতি চান। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে শৌচাগারে নিয়ে গেলে সেই সুযোগে তিনি কৌশলে পালিয়ে যান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম এই পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ মে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। তিনি মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত। নেপাল থেকে স্ত্রী ও শ্যালকের সঙ্গে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নিয়ে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে হেফাজতে নিয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।

সব খবর