প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষই অত্যন্ত আগ্রহী বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সফরের বিষয়ে জানতে চাইলে ত্রিবেদী বলেন, তিনি কূটনীতিক হিসেবে নয়, বরং সাধারণ মানুষের আগ্রহের জায়গা থেকে বিষয়টি দেখছেন। তার মতে, যখনই প্রধানমন্ত্রীর সফরের প্রসঙ্গ আসে, তখন দুই দেশের মানুষই উচ্ছ্বসিত হয়ে ওঠেন, যা মূলত একটি ইতিবাচক সংবাদের ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, আমি কোনো রাজনৈতিক দলের বা সরকারের কথা বলছি না, সাধারণ মানুষই এই সাক্ষাৎ চায়। আর এ কারণেই বিষয়টি সংবাদের শিরোনাম হচ্ছে।
বর্তমান পরিবেশ অত্যন্ত ইতিবাচক উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের দুই প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময় দিতে হবে। তিনি নিশ্চিত করেন যে, যেকোনো একসময় দুই সার্বভৌম ও স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানরা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুই দেশের মধ্যকার চ্যালেঞ্জের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, কোনো সমস্যা থাকবে না এমনটা ভাবা ভুল, কিছু চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই নেতা যখন আলোচনায় বসবেন, তখন এমন কোনো প্রশ্ন থাকবে না যার শতভাগ সমাধান পাওয়া যাবে না। সঠিক সময়ে সবকিছু সম্পন্ন হবে এবং দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষ যে নেতাদের সাক্ষাৎ চায়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

















