বাংলাদেশ

রাজধানীর ১৩টি স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ব্যবস্থা গ্রহণের নির্দেশ

প্রতিবেদক
সব খবর

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩টি ভিন্ন ভিন্ন স্থানে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত চলা এই পরিদর্শনের সময় তিনি বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা এবং মিরপুর-১০ নম্বরের হকারমুক্ত ফুটপাত ঘুরে দেখেন। উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছেন।

পরিদর্শনের শুরুতেই প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ঘুরে দেখেন। এরপর তিনি রাজউক উত্তরা মডেল কলেজ ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যান। পরবর্তীতে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এবং সরকারি বাংলা কলেজ পরিদর্শন করেন। এরপর তিনি আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে যান। পরিদর্শনের এক পর্যায়ে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। এছাড়া ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারও তার পরিদর্শনের অন্তর্ভুক্ত ছিল।

বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি আজিমপুর সরকারি কোয়ার্টার পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় বেঁধে দেন। এর আগে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিবেশ উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিনের সময় দিয়েছিলেন তিনি।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের সময় একজন সহযোগী অধ্যাপকের কক্ষ অপরিচ্ছন্ন থাকা এবং ওই চিকিৎসকের ধূমপান করার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি হাসপাতালের চেয়ারম্যানকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে চিকিৎসক ডা. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। পুরো পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং জনস্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সব খবর