বাংলাদেশ

চলতি মাসের শেষদিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
সব খবর

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ দিকে চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর তৃতীয় বিদেশ সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি জানান, মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। তবে সফরের চূড়ান্ত তারিখ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দফতর পরামর্শ সভায় (এফওসি) জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজুর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই আমন্ত্রণ জানিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ওই বৈঠকেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া এই আমন্ত্রণের জবাবে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, সফরকালে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন ভ্রমণ করেন। এছাড়া গত মাসে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। এদিকে, ভারত শুরু থেকেই তাকে আমন্ত্রণ জানিয়ে আসলেও দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে সেই সফর এখনো চূড়ান্ত হয়নি।

সব খবর