বাংলাদেশ

নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী: তরুণদের দেশ গড়ার আহ্বান

প্রতিবেদক
সব খবর

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। নিজের এক সময়ের এই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে দেশকে বাসযোগ্য ও পরিষ্কার রাখা সম্ভব নয়। এ জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করে তুলতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তরুণদের স্মরণ করিয়ে দেন যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বড় পরিবর্তন আনা সম্ভব, যা তারা অতীতে প্রমাণ করেছে। তিনি বলেন, ‘তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?’ তবে তিনি সতর্ক করে বলেন, শুধু আন্দোলন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; দেশ পুনর্গঠন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তরুণদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ঢাকার বায়ুদূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বাতাস ক্রমেই দূষিত হচ্ছে, যা শিশুদের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি বেশি বেশি গাছ লাগানোর তাগিদ দেন। সরকার দেশজুড়ে পরিচ্ছন্ন ও সবুজায়নের উদ্যোগ নিলেও তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া তা সফল করা কঠিন বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন—দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।’

সব খবর