অন্যান্য

পোল্যান্ডে মাটির নিচে মিলল ২৭০০ বছরের পুরোনো অক্ষত তলোয়ার

প্রতিবেদক
সব খবর

পোল্যান্ডের উত্তরাঞ্চলে বাল্টিক সাগরের উপকূলের কাছে অবস্থিত গদানস্ক বন বিভাগে মাটির নিচে পুঁতে থাকা ২ হাজার ৭০০ বছরের পুরোনো একটি ব্রোঞ্জের তলোয়ারের সন্ধান পাওয়া গেছে। মার্সিন উইসনিউস্কি নামের এক শৌখিন ধাতু অনুসন্ধানকারী এই প্রাচীন অস্ত্রের দেখা পান। চলতি জুনের শুরুর দিকে পোমেরানিয়ান প্রাদেশিক হেরিটেজ কনজারভেটর তাদের ফেসবুক পেজে এই ব্যতিক্রমী আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ও ফক্স নিউজ ডিজিটালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রত্নতাত্ত্বিকদের মতে, তলোয়ারটি ব্রোঞ্জ যুগের শেষ ভাগের নিদর্শন, যা খ্রিস্টপূর্ব ৯০০ থেকে ৭০০ অব্দের মধ্যকার সময়ের। হেরিটেজ কর্মকর্তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, খননকাজের সময় বেলেমাটির ভেতর থেকে ব্রোঞ্জের তৈরি তলোয়ারটি খাড়া অবস্থায় ওপরের দিকে জেগে রয়েছে। এটি অবিশ্বাস্যভাবে সুরক্ষিত ও অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এর আগেও উইসনিউস্কি গদানস্কের বাইরের একটি বনাঞ্চলে ব্রোঞ্জ যুগের গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। তলোয়ারটি দেখার পরই তিনি দ্রুত হেরিটেজ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।

পোমেরানিয়ান হেরিটেজ কনজারভেটর জানিয়েছে, খবর পাওয়ার পর তাদের প্রত্নতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান এবং আবিষ্কারকের সহায়তায় সঠিক প্রত্নতাত্ত্বিক পদ্ধতি অনুসরণ করে নিদর্শনটি উদ্ধার করেন। গদানস্ক বন বিভাগে ব্রোঞ্জ যুগের তলোয়ার পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ১৯২০-এর দশকে রাইনারজেভোর একটি জলাভূমি থেকে দুটি ব্রোঞ্জের অ্যান্টেনা-হিল্ট তলোয়ার পাওয়া গিয়েছিল, যা পরবর্তীতে গদানস্কের প্রাদেশিক জাদুঘরে পাঠানো হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেগুলো হারিয়ে যায়।

গদানস্কের স্মারক সুরক্ষা বিষয়ক প্রাদেশিক কার্যালয়ের সংবাদ মুখপাত্র মার্সিন টাইমিনস্কি জানিয়েছেন, তলোয়ারটি জাদুঘরে স্থানান্তর ও ল্যাবে পরীক্ষার পর বিশেষজ্ঞরা এর বিশদ বিবরণ দিতে পারবেন। তবে এটি কোন জাদুঘরে রাখা হবে, সে বিষয়ে প্রাদেশিক হেরিটেজ কনজারভেটর এখনো কোনো সিদ্ধান্ত নেননি। পোল্যান্ডে এমন প্রাচীন অস্ত্রের সন্ধান পাওয়া বেশ বিরল হলেও গত এক বছরে দেশটিতে বেশ কিছু উল্লেখযোগ্য আবিষ্কারের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বছরের শেষে পশ্চিম-কেন্দ্রীয় অঞ্চলের একটি হ্রদ থেকে মধ্যযুগীয় অস্ত্রের ভাণ্ডার এবং ভিস্তুলা নদীতে মাছ ধরার সময় এক জেলের বড়শিতে ৭০০ বছরের পুরোনো একটি মধ্যযুগীয় তলোয়ার আটকে আসার ঘটনাও রয়েছে।

সব খবর