সরকারি সিদ্ধান্তে বাংলাদেশ পুলিশের ৪৯ জন পরিদর্শক এবং ৭ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪৯ জন পুলিশ পরিদর্শককে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশে কর্মরত এই কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা অন্য একটি প্রজ্ঞাপনে সাতজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়। অবসরে পাঠানো এই এএসপিরা হলেন র্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর মো. গোলাম কিবরিয়া, ঢাকার আরআরএফের মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার মো. রবিউল ইসলাম।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের এই অবসরে পাঠানো হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুবিধাদি প্রাপ্য হবেন।

















