বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই রদবদল কার্যকর করা হয়। এই পরিবর্তনের মাধ্যমে র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের মতো গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) যুগ্ম কমিশনার এবং এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপির উপ-কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে দুটি পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে; যার মধ্যে রয়েছে ২০২৫ সালের ১১ ডিসেম্বর জারি করা ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ এবং গত ৫ মে জারি করা ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইল পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ।
তৃতীয় প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে এপিবিএনের মো. শাহাদাত হোসেন, এসবির এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং আরপিএমপির মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডিতে, একই প্রতিষ্ঠানের মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে বদলি করা হয়েছে। এছাড়া গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, পিবিআইয়ের এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে এবং সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

















