দেশের বিভিন্ন স্থানে সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার ৬৮টি ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং ৫২৭ জনের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ (এইচআরএসএস) প্রকাশিত মাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। একই সময়ে গণপিটুনি বা মব সহিংসতার ৩৫টি ঘটনায় অন্তত ৯ জন নিহত ও ৩২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সারা দেশে ২৩৬ জন নারী ও কন্যাশিশু ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার অন্তত ৭৯ জন, যার ৬০ শতাংশ বা ৪৭ জনই অপ্রাপ্তবয়স্ক। এছাড়া ১৩ জন নারী ও শিশু গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর পাঁচজনকে হত্যা করা হয়েছে। মাসজুড়ে বিভিন্ন সহিংসতায় ৭৮ জন শিশু প্রাণ হারিয়েছে এবং পারিবারিক সহিংসতায় মারা গেছেন ৪৩ জন নারী।
রাজনৈতিক সহিংসতার বিশদ বিবরণে দেখা যায়, কেবল বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই ৩৫টি ঘটনা ঘটেছে, যেখানে একজন নিহত ও অন্তত ৩৪০ জন আহত হয়েছেন। বিএনপি-জামায়াতের মধ্যে সাতটি সংঘর্ষে ৬১ জন আহত হয়েছেন। বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মধ্যে ছয়টি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। জামায়াত-আওয়ামী লীগের দুটি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এছাড়া বিএনপি-এনসিপির মধ্যে তিনটি সংঘর্ষে ১৬ জন এবং সাতটি বিএনপি ও অন্য দলের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বিভিন্ন দলের মধ্যে সাতটি ঘটনায় ৫০ জন আহত ও একজন নিহত হয়েছেন। নিহত চারজনের মধ্যে আওয়ামী লীগের দুজন, বিএনপির একজন ও জামায়াতের একজন রয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ৬৩টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। যৌথ ও বিশেষ অভিযানে ২৮৭টি ঘটনায় অন্তত ২১ হাজার ২০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলার দুর্বলতার কারণে ৩৫টি মব সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারাগারে ২১ জন বন্দির মৃত্যু হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও নির্যাতনে মারা গেছেন তিনজন। পরিত্যক্ত স্থান ও নদী-খাল থেকে উদ্ধার করা হয়েছে ৬৯টি লাশ। পাশাপাশি ৩৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সামাজিক মাধ্যমে মতপ্রকাশে বাধা, মব সহিংসতা ও কারা হেফাজতে মৃত্যু নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছে। মানবাধিকার রক্ষায় সরকারকে দ্রুত জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

















