চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পানি নিষ্কাশনের পথে অবৈধভাবে ওয়াল নির্মাণ করায় দীর্ঘ সময় ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় প্রায় ২০০ পরিবার। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
১৯ আগস্ট বুধবার সকাল ১০টার দিকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের নির্দেশে প্রশাসনের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে পানি চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ওই ওয়ালটি ভেঙে অপসারণ করা হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, হাইদগাঁও ইউনিয়ন ও পটিয়া পৌরসভার সংযোগস্থলে অবস্থিত মঙ্গলের টেক এলাকায় ওয়ালটি নির্মাণের ফলে পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকার প্রায় ২০০ পরিবার পানিবন্দি হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষি জমি ও পুকুর তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
স্থানীয় বাসিন্দা ও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী আরিফ উল্লাহ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার তাৎক্ষণিক পদক্ষেপে পানি চলাচলের পথ উন্মুক্ত হয়েছে এবং পানিবন্দি পরিবারগুলো দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে। এ জন্য তিনি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন জানান, এলাকাবাসীর মৌখিক অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রশাসন দ্রুত এ ব্যবস্থা গ্রহণ করেছে, যা জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

















