দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক এই পদে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
এর আগে সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির পরিচালনায় এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিচারপতি, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, এই শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১২ শ’র অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরবার হলের মঞ্চে আসন গ্রহণ করেন এবং এরপরই শপথ পর্ব সম্পন্ন হয়।

















