আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বার্তা সংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ওই সূত্রগুলোর কেউই নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন। এর মধ্যে দুটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, আর অন্য একটি সূত্রের দাবি, গত মঙ্গলবারই তিনি বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। শুক্রবার তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন যে, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। এরপর থেকেই তাঁর সাবেক মিত্র হিসেবে পরিচিত রাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণের চাপ বাড়তে থাকে।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন। দমন-পীড়ন চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

















