দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ আজ। বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় তিন যুগ পর সংসদীয় শাসনব্যবস্থায় সংসদ সদস্যদের ভোটে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। এর আগে প্রতিটি নির্বাচনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনকে অনেকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকায় কোনো সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। জাতীয় সংসদের মোট ৩৪৯ জন এমপি এই নির্বাচনে ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আদালতের রায়ে বাতিল হওয়ায় আসনটি বর্তমানে শূন্য রয়েছে। এছাড়া সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলামের বিষয়টি ঝুলে থাকায় তার ভোটাধিকার নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। প্রাথমিক সমীকরণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ২৪৭ জন এবং অলি আহমদের পক্ষে ৯০ জন এমপির সমর্থন রয়েছে। এর বাইরে ১২ জন সদস্যের মধ্যে তিনজন বিএনপির মিত্র, একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং বাকি আটজন স্বতন্ত্র সদস্য। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটদান ও ভোট গণনা সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দীন জানান, জাতীয় সংসদ বর্তমানে নিয়মিত অধিবেশনে না থাকায় আইন অনুযায়ী সিইসি নিজেই সংসদ সদস্যদের বৈঠকের আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন, সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট সব পক্ষ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটাররা গোপন ব্যালটের পরিবর্তে প্রকাশ্যে ‘ওপেন’ ব্যালটে ভোট দেবেন এবং কে কাকে ভোট দিচ্ছেন তা উপস্থিত সবার কাছে দৃশ্যমান থাকবে। সিইসি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ১৯৯১ সালের পর সংসদীয় পদ্ধতিতে এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে।
নির্বাচন কমিশন গত ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের দিন তিনটি মনোনয়নপত্র গ্রহণ করে। যাচাই-বাছাই শেষে সবকটি বৈধ ঘোষণা করা হলেও নিয়ম অনুযায়ী চূড়ান্তভাবে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থীই নাম প্রত্যাহার করেননি। ভোটার তালিকার ক্রমিকে কিছুটা বৈচিত্র্যের ব্যাখ্যা দিয়ে সিইসি জানান, সংসদীয় সীমানার সিরিয়াল অনুযায়ী পঞ্চগড়-১ থেকে শুরু হয়ে বান্দরবানে গিয়ে ৩০০ আসন শেষ হলেও এই নির্বাচনে মূলত সংসদের ‘বিভক্তি নম্বর’ অনুযায়ী ভোটিং কার্যক্রম পরিচালিত হবে। নির্বাচন পরিচালনার জন্য স্পিকারের সঙ্গে পরামর্শ করা আইনগত বাধ্যবাধকতা এবং সে অনুযায়ী কমিশন পরামর্শক্রমেই সব সূচি নির্ধারণ করেছে। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে এবং সিইসি নিজেই ফলাফল ঘোষণা করবেন।
এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, সংসদ সদস্য এবং কূটনীতিকসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর আপিল বিভাগে আবেদন করা হয়েছে, তবে নির্বাচন আয়োজনে কোনো আইনি স্থগিতাদেশ নেই।

















