শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল অনুষ্ঠিতব্য এই উৎসবকে সামনে রেখে আজ দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর বাণীতে উঠে এসেছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা। তিনি উল্লেখ করেন, মানবতার কল্যাণই সব ধর্মের মূল শিক্ষা। নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি পালনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
হিন্দু ধর্মশাস্ত্রের আলোকে প্রধানমন্ত্রী বলেন, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গ থেকে মর্ত্যে আগমন করেন। তিনি অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনার মাধ্যমে ভক্তদের কল্যাণ সাধন করেন। শারদীয় দুর্গোৎসবের এই তাৎপর্য উৎসবকে এক অনন্য মাত্রা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাদের নিজ নিজ ধর্ম উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করছে, যা দেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সৌন্দর্য। এই সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের মধ্য দিয়েই মানুষের মধ্যকার বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও প্রস্ফুটিত হয়।
ফ্যাসিবাদ বিতাড়নের পর নতুন করে গণতান্ত্রিক যাত্রার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে একটি নিরাপদ ও কল্যাণমূলক মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার।
তিনি জোর দিয়ে বলেন, ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। প্রতিটি নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। সবশেষে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের নিশ্চিন্তে ও নিরাপদে উৎসব উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

















