বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের আওতায় জমাকৃত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আইবাস++ (iBAS++) সফটওয়্যারের মাধ্যমে অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়ার জট নিরসনে সরকার এককালীন ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করেছে। এই অর্থ দেশের ৬৪টি জেলার শিক্ষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত শিক্ষক ও কর্মচারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং শিক্ষা সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















