সোমবার (১৩ জুলাই) বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকার সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘কদিন আগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এ দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। এবার আসুন সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি।’ তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, মুক্তিযুদ্ধের সময় এবং সদ্য সমাপ্ত স্বৈরাচারবিরোধী আন্দোলনে সকল শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। তিনি বলেন, সকলে মিলে ভালো কাজ করলে দেশের মানুষ উপকৃত হবে।
পরিবেশ রক্ষাকে সরকারের একার দায়িত্ব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি আমাদের সবার সম্মিলিত অঙ্গীকার হওয়া উচিত। তিনি ঘরবাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশের এলাকা পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন। সাগরদী খাল প্রসঙ্গে তিনি বলেন, খালের দুপাশে বসবাসকারীসহ স্থানীয়দের এই খাল রক্ষায় যত্নবান হতে হবে। খালের পানিতে প্লাস্টিক বা পলিথিন না ফেলার জন্য তিনি উপস্থিত সবার প্রতি বিনীত অনুরোধ জানান।
সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ময়লা ফেলার জন্য নির্ধারিত বিনের ব্যবহার নিশ্চিত করতে মাইকে প্রচারণা চালাতে হবে। এছাড়া বাসা-বাড়ির সুয়ারেজ লাইন সরাসরি খালে না ফেলার জন্য তিনি নির্দেশনা দেন, কারণ এতে পানি দূষিত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তিনি সতর্ক করে বলেন, আমরা নিজেরা যদি এলাকা বা দেশ পরিষ্কার না রাখি, তবে পরিবেশের ক্ষতি আমাদেরকেই ভোগ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি নেতা মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার এবং সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং খালের দুই পাড়ে গাছ রোপণ করেন। কর্মসূচির পর প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন এবং পরবর্তীতে শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সাথে মতবিনিময় করেন।

















