বাগেরহাটের জেলা কারাগারে নাস্তা খাওয়ার সময় শ্বাসনালিতে খাবার আটকে চান মিয়া ফকির নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
জেল সুপার মোহাম্মদ মোস্তফা কামাল জানান, শুক্রবার সকালে নাস্তা খাওয়ার সময় হঠাৎ চান মিয়ার শ্বাসনালিতে খাবার আটকে যায়। বিষয়টি টের পাওয়ার পর তাকে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানিয়েছেন, কারাগার থেকে হাসপাতালে আনার পর চান মিয়াকে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে আইনিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

















