আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর বেশ কিছু এলাকায় আজ সোমবার জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এই কাজের অংশ হিসেবে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এর ফলে আজ সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।
বিদ্যুৎ বিভ্রাটের সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নেসকোর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার, ভেড়িপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চণ্ডীপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
দ্বিতীয় ধাপে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতায় থাকা প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম এলাকা, লক্ষ্মীপুর বাগানপাড়া, চণ্ডীপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলিতে বিদ্যুৎ থাকবে না। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

















