দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নির্বাচনে মোট ২৫৫ ভোট পেয়েছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন এই ফল ঘোষণা করেন।
নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এবং চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা অসুস্থতার কারণে ভোট দিতে পারেননি। তারা ভোট দিতে না আসার বিষয়টি আগেই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে চিঠি দিয়ে জানিয়েছিলেন। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাক্ষণবাড়ীয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিনই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাবেন।

















