কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে অবস্থিত কাঠের তৈরি একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন বেলা সোয়া দুইটার দিকে ১০ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
উদ্ধার হওয়া ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, নিহতরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহম্মেদ। বাকি চারজনের মরদেহ পুরোপুরি পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হবে।
অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জন পর্যটক বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
স্থানীয়রা জানান, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে সকাল সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং উদ্ধারকাজ শুরু করেন। জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

















