নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে ঘুমন্ত শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা মারা যান।
নিহতরা হলেন বাহাগিলী ইউনিয়নের নয়নখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লুনা বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো একসময় একটি সাপ তার ডান হাতে কামড় দেয়। এতে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গত শুক্রবার রাতে বিজয় রায় একটি হিন্দু ধর্মীয় মনসা গানের অনুষ্ঠানে যান। সেখানে সাপ নিয়ে খেলা দেখানোর সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। পরে বাড়িতে ফিরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর বলেন, ‘এ ঘটনায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

















