সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় দেশটির সরকারের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। আজ রোববার বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। বৈঠকে পররাষ্ট্র সচিব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের পুরো বিষয়টি সম্পর্কে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চেয়েছেন। একই সঙ্গে, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সেই দেশের স্থানীয় আইনের প্রতি সচেতন থাকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে। তবে এই ঘটনায় ব্যাখ্যা চাইলেও, উভয় পক্ষই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বর্তমান সহযোগিতামূলক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে।
এর আগে সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানানো হয় যে, পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতর অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি নারী ও এক পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদনে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির নিরাপত্তা বাহিনী তদন্ত শেষে তাদের আটক করে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরবর্তী সময়ে মামলাটি আদালতে তোলা হলে আদালত অভিযোগের সত্যতা পায় এবং তাদের মৃত্যুদণ্ডের রায় দেয়।
বিচারিক পর্যালোচনায় অভিযুক্তদের কর্মকাণ্ডের গুরুতরতা এবং পবিত্র স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এই বিবেচনায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পরবর্তী সময়ে রাজকীয় আদেশ জারির মাধ্যমে রায় কার্যকর করা হয়।

















