সৌদি আরবের জুবাইল এবং জিজান অঞ্চলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে বেশ কিছু আঞ্চলিক সূত্র দাবি করেছে। স্থানীয়রা জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং পরবর্তীতে সেখানে আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে বা হামলার ধরণ কেমন ছিল, তা এখনো স্পষ্ট নয়।
একই সময়ে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানে সৌদি আরামকোর শোধনাগার-সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই আগুনের কারণ সম্পর্কে মন্ত্রণালয় থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সৌদির জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, জিজানের ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এর আগে বিভিন্ন আঞ্চলিক সূত্র জিজানে আরামকোর স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে দাবি করলেও, স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি। জুবাইল ও জিজানের এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

















