ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহকদের গোপন তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ‘সিরিউসিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। হ্যাকারদের কবলে পড়া তথ্যের মধ্যে গ্রাহকদের ব্যক্তিগত পরিচিতি, ঋণের আবেদন এবং অ্যাকাউন্ট খোলার নথিপত্র রয়েছে। এই ঘটনাটি প্রথম সামনে আসে ১৬ অক্টোবর, যখন ‘সাইবারপালস৫৬’ নামের একটি হ্যান্ডল থেকে বড় ধরনের হ্যাকিংয়ের তথ্য প্রকাশ করা হয়। তাদের দাবি অনুযায়ী, ব্যাংকের প্রায় ৩ লাখ ৮০ হাজার গ্রাহকের তথ্য বিভিন্নভাবে ফাঁস হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এসবিআই কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা এই তথ্য ফাঁসের বিষয়টি আংশিকভাবে স্বীকার করেছে। ব্যাংকটি আশ্বস্ত করেছে যে, যেসব গ্রাহক এই ঘটনার শিকার হয়েছেন, তাদের প্রত্যেককে ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সতর্ক করা হয়েছে। এসবিআই জোর দিয়ে বলেছে, গ্রাহকদের অ্যাকাউন্ট এবং তহবিল সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। তবে এই ডেটাসেটে ঠিক কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তথ্যগুলো সরাসরি ব্যাংক থেকে নেওয়া হয়েছে কি না, তা নিয়ে এখনো স্বাধীন তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, পুরো বিষয়টি স্পষ্ট হতে কিছুটা সময় প্রয়োজন।
সাইবারপালস৫৬ সতর্ক করেছে যে, চুরি হওয়া এই তথ্য ব্যবহার করে পরিচয় জালিয়াতি বা ভুয়া ঋণের আবেদন করার মতো বড় ঝুঁকি তৈরি হতে পারে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ভারতের বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্যাংক, যার গ্রাহক সংখ্যা ৫০ কোটির বেশি। ভারতের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ এই ব্যাংকের সঙ্গে যুক্ত। ব্যাংক বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এসবিআইয়ের মতো বিশাল প্রতিষ্ঠানের ওপর এমন সাইবার আক্রমণ ভারতের গ্রামীণ অর্থনীতির জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে।
ভারতে ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এই ঘটনাটি ঘটল। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া চলতি বছরের শুরুর দিকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য সাইবার নিরাপত্তার নিয়ম আরও কঠোর করেছে। এসবিআই ভারতের মানুষের কাছে অত্যন্ত নিরাপদ ব্যাংক হিসেবে স্বীকৃত হওয়ায় এই ঘটনাটি গ্রাহক, কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সরকারের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

















