নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও পলিসিগত পরিবর্তন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করেছেন যে, এই ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আমাদের দেশে দীর্ঘদিন ধরে নারী প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করলেও নারীর প্রকৃত ক্ষমতায়ন এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্বের হার প্রায় শূন্যের কোঠায়। তিনি মনে করেন, যদি স্থানীয় পর্যায়ে নারীদের মনোনয়ন দেওয়ার সুযোগ নিশ্চিত করা হতো, তবে তারা সেখান থেকে উঠে এসে পার্লামেন্টে জায়গা করে নিতে পারতেন।
তিনি আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে একটি আসনে যদি তিনজন প্রার্থী থাকেন এবং তাদের মধ্যে একজন নারী হন, তবে তাকে কখনোই যথাযথভাবে প্রমোট করা হয় না। পদে পদে বিভিন্ন ধরনের বাধা থাকা সত্ত্বেও সেই প্রতিকূলতা উপেক্ষা করে নারীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

















