রাঙামাটির লংগদু উপজেলায় আওয়ামী লীগ নেতা ফয়েজুল আজীম ফয়েজের মালিকানাধীন একটি সেগুন বাগান থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা রাজ্জাকের বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলা বিএনপির সদস্য রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ১৭ জুলাই উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের স্বাক্ষরে এই নোটিশটি জারি করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দাবি করা হয়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর উপজেলা বিএনপি ওই বাগান থেকে গাছ কেটে বিক্রি করেছে। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে উপজেলা বিএনপি এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছে। সংগঠনের সভাপতি মো. তোফাজ্জল হোসেনের মতে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।
শোকজ নোটিশে অভিযুক্ত নেতা রাজ্জাককে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার বক্তব্যের সপক্ষে উপযুক্ত তথ্য-প্রমাণসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে কেন তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া অভিযোগের সপক্ষে গ্রহণযোগ্য প্রমাণ না দিতে পারলে জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা রাজ্জাকের মন্তব্য জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

















