গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যার পর স্বামী উদ্দীপ (৩৫) নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে বড়চালা গ্রামের বাসিন্দা উদ্দীপ ও তাঁর স্ত্রী সীমা রানী (২৫)-এর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উদ্দীপ তাঁর স্ত্রীর মাথায় আঘাত করলে গুরুতর রক্তক্ষরণে সীমা রানীর মৃত্যু হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে রাতেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ নিহত সীমা রানীর মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

















