সুন্দরবনের নদীতে বাণিজ্যিক জাহাজ থেকে পড়ে যাওয়া নাজমুল ইসলাম (২৫) নামের এক ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়ার পর তাকে সুস্থ অবস্থায় জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে আসা ‘এমবি আলফাডাঙ্গা প্রাইড’ নামের একটি বাণিজ্যিক জাহাজ সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থান করছিল। শনিবার (১৫ আগস্ট) দুপুরে জাহাজের ওপরের ডেকে কাজ করার সময় নাজমুল ইসলাম দুর্ঘটনাবশত নদীতে পড়ে যান। তার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়।
ঘটনার সময় কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি দল নিয়মিত টহলের অংশ হিসেবে ওই এলাকায় অবস্থান করছিল। ক্রু পড়ে যাওয়ার খবর পেয়ে কোস্ট গার্ডের দলটি তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উপকূলীয় এলাকায় অপরাধ দমনের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং যেকোনো জরুরি দুর্ঘটনায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।

















