রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ জরিপ অধিদপ্তর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। মঙ্গলবার এই পরিদর্শনের সময় অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রউফ তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা জাতীয় মানচিত্র প্রণয়ন, হালনাগাদ কার্যক্রম, আন্তর্জাতিক সীমানা জরিপ, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং ডিজিটাল এলিভেশন মডেল তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শন শেষে ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, একটি উন্নত ও নিরাপদ দেশ গড়ার লক্ষ্যে সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন যে, নির্ভুল ও হালনাগাদ মানচিত্র উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মূল ভিত্তি হিসেবে কাজ করে। এই কাজের গুরুত্ব তুলে ধরে তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ভূস্থানিক তথ্যের সমন্বয় ও নিয়মিত হালনাগাদের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
প্রতিরক্ষা উপদেষ্টা প্রশিক্ষণের ক্ষেত্রে জরিপ ও ভূস্থানিক জ্ঞানের ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশীয় ডিজিটাল ম্যাপিং অ্যাপ্লিকেশন তৈরির সম্ভাবনা যাচাইয়ের নির্দেশনা দিয়েছেন। এছাড়া ভূকৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার তথ্য নিয়মিত সংগ্রহ ও বিশ্লেষণের জন্য তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন। ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল আগামী চার মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়ে তিনি পরবর্তী পর্যায়ে সিলেট ও কুমিল্লায় কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

















