আজ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি প্রান্তে সংগঠনটির পক্ষ থেকে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ১৫ আগস্ট সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভায় এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম জিলানী এমপি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী রাজিব আহসান।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৯ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১০টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর ধারাবাহিকতায় আগামীকাল ২০ আগস্ট (বৃহস্পতিবার) থানা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ফলজ ও বনজ চারা রোপণের পাশাপাশি এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কর্মসূচি রয়েছে।

















