সিলেটের দক্ষিণ সুরমায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চোরাই মাদকসহ একটি ট্রাক জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে এই মাদক জব্দ ও দুইজনকে আটক করা হয়।
এসআরবি-৯, সিপিএসসি, সিলেট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ এলাকা থেকে একটি ট্রাকে করে মাদকদ্রব্য সিলেট সদরের দিকে আনা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে ট্রাকটি থামানো হলে এর ভেতরে থাকা চারজন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করেন। অভিযানে দুইজনকে আটক করা সম্ভব হলেও বাকি দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের চালকের আসনের পেছনে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার কচুয়া এলাকার মৃত আব্দুল নুরের ছেলে মো. রিপন আহমদ (৩১) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গাছগোড়া এলাকার মো. রাশেদের ছেলে মো. জাহিদ (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসআরবি জানতে পেরেছে, আটককৃতরা পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আটককৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

















