ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না—এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। ১৬ আগস্ট ২০২৬ তারিখে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন।
সাদিকুর রহমান খান তার পোস্টে উল্লেখ করেন, ভারতের মুখের উপর এমন স্পষ্ট জবাব কোনো প্রধানমন্ত্রীকে দিতে তিনি এই প্রথম দেখলেন। তিনি বলেন, শেখ হাসিনা ও ওসমান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর না করার সিদ্ধান্তটি অত্যন্ত সাহসী। একই পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়নি, বরং সার্বভৌমত্বের পথেও এক ধাপ এগিয়ে গেছে।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করার অধিকারের কথা উল্লেখ করে সাদিকুর রহমান খান বলেন, তেল, গ্যাস, সংস্কার বা দুর্নীতি নিয়ে আমি সরকারের সমালোচনা করেছি এবং ভবিষ্যতেও করব। কিন্তু দিল্লির চোখ রাঙানি উপেক্ষা করে যেভাবে সরকার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই সাহসের জন্য তাদের ধন্যবাদ জানাই।
তিনি আরও লেখেন, দেশের প্রশ্নে আমাদের মতভেদ থাকলেও আওয়ামী লীগ, হাসিনা ও দিল্লির প্রশ্নে আমাদের এক মুহূর্তের জন্যও আলাদা হওয়ার সুযোগ নেই। মানুষ জুলাই মাসেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তারা দিল্লি না ঢাকা চায়। সরকারের আজকের এই দৃঢ় অবস্থানকে তিনি ১৭ বছরের পরাধীনতার পর স্বাধীনতার আনন্দের মতো তীব্র বলে মন্তব্য করেছেন।
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২২: ১৯আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ২২: ২৬

















