মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনটি সংবিধান অনুযায়ী শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। এই আসনটিতে দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শনিবার (২২ আগস্ট) তিনি এই তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আসনটি শূন্য ঘোষণা হওয়ার পর আমরা এখন আইনবিধি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তিনি আরও জানান, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন আসন্ন, তাই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য কমিশন বেশি সময় নেবে না এবং দ্রুতই নির্বাচনের আয়োজন করা হবে।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য যে, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট নির্বাচন কমিশন শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে। সেই নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে ১১ দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

















