রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত অভিযোগে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটির দুটি ভিন্ন দল। শনিবার রাজধানীর নাবিস্কো এলাকা ও যাত্রাবাড়ী এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের সামনে অভিযান চালানো হয়। এ সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা মিটন চাকমা ও লাতো চাকমার দেহ তল্লাশি করে ৮৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, তাদের একটি চৌকস দল যাত্রাবাড়ী থানাধীন রয়েল হোস্ট রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায়। উপপরিদর্শক ইসমাইল হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-৮৮৫৭) তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৪টি কালো পলিথিনের প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. সাইফুল ইসলাম (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাভার্ড ভ্যান ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কাভার্ড ভ্যানে করে এই গাঁজা নিয়ে আসছিলেন। ঢাকা মহানগরীর বিভিন্ন মাদক স্পটে সরবরাহের উদ্দেশ্যেই এগুলো আনা হয়েছিল। গ্রেপ্তারকৃত সাইফুলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

















