দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৮৭২ শিশু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব গণনা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা এখন ৮৪০ জনে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১২১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ১৮০ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৫১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর মোট সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন রোগী।

















