প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৭
বগুড়ার শেরপুরে মৃত পরিবহন শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় বাসট্যান্ড করতোয়া বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়। এদিন মৃত শ্রমিকদের পরিবারের পাশাপাশি শ্রমিক সদস্যদের কন্যা, দায়গ্রস্ত পরিবার এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে মোট প্রায় ১২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং তারা দেশের সম্পদ। দেশের অর্থনীতি মূলত শ্রমিকদের শ্রম ও ঘামের ওপর নির্ভরশীল। তাই প্রকৃত শ্রমিকদের যথার্থ মূল্যায়ন করা এবং তাদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা সবার দায়িত্ব।
মাদকবিরোধী সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে এমপি সিরাজ বলেন, কোনো শ্রমিক যেন মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয়, সেদিকে শ্রমিক সংগঠনগুলোকে কড়া নজর রাখতে হবে। মাদক শুধুমাত্র একজন শ্রমিক নয়, বরং তার পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। শ্রমিকদের মাদকমুক্ত রাখতে সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে তিনি মত দেন।
এডহক কমিটির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের যাতায়াত সেবা নিশ্চিত করেন। কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারের পাশে দাঁড়ানো সংগঠন ও সমাজের মানবিক দায়িত্ব। তারা শ্রমিকদের কল্যাণের পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষা ও পরিবারের আর্থিক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন।
এডহক কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, শেরপুর থানার ওসি মো. মঈন উদ্দিন, হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

















