জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ ও সবুজায়নের চলমান সামাজিক আন্দোলনকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। রোববার গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কৃষিবিদ অ্যাসোসিয়েশন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, পরিবেশ ও ইকোসিস্টেমের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মহাবিশ্বে জীবন ধারণের জন্য একমাত্র পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের ওপর আমাদের নির্ভর করতে হয়। তাই কেবল যান্ত্রিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে মেধা ও বিবেক চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের কাজ করতে হবে।
বৈশ্বিক জলবায়ু সংকটের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহারে কার্বন নিঃসরণ বৃদ্ধির ফলে তাপমাত্রা বাড়ছে এবং উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই বৈশ্বিক সংকট উত্তরণে বনায়ন ও সবুজায়নের কোনো বিকল্প নেই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে বলেন, তিনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে দূরদর্শী পদক্ষেপ নিয়ে বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ করেছে, যার এ বছরের লক্ষ্যমাত্রা ইতিমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে।
প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ শ্লোগানকে সামনে রেখে সারাদেশে সবুজায়নের ব্যাপক প্রসারের ওপর জোর দেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে এই সামাজিক আন্দোলন সফল করতে কৃষিবিদ সম্প্রদায়কে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নুরুল ইসলাম নয়ন, শহিদুল ইসলাম বাবুল এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খানসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।

















