বাংলাদেশ

ওমরাহ যাত্রীদের জমজমের পানি দিতে দেরি, বরখাস্ত ২ বিমান কর্মকর্তা

প্রতিবেদক
সব খবর

মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন। এই ঘটনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। তবে ওমরাহ যাত্রীদের জন্য আনা জমজমের পানি নির্ধারিত সময়ে ব্যাগেজ বেল্টে পৌঁছায়নি। প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে যে, কন্টেইনার অফলোডিং এবং পরিচালনগত গাফিলতির কারণেই যাত্রীদের পানি পেতে দেরি হয়েছে।

যাত্রীদের দুর্ভোগের বিষয়টি নজরে আসার সাথে সাথেই বিমান কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে নিজস্ব সংরক্ষিত স্টক থেকে জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে মূল কন্টেইনারটি দ্রুত শনাক্ত করে সরবরাহ নিশ্চিত করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এছাড়া সেবার মান ও কাজের দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বে অবহেলাকারী ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে।

সব খবর