ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার বিষয়ে মার্কিন ভিসাধারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গত শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তার মাধ্যমে ভ্রমণকারীদের এই সতর্কবার্তা দেওয়া হয়।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসার নিয়ম মেনে চলা প্রতিটি ভিসাধারীর দায়িত্ব। ভিসার অপব্যবহার বা অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে নতুন ভিসা পাওয়া বা দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। এমনকি এমন কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে বলেও দূতাবাস উল্লেখ করেছে।
বার্তায় ভ্রমণকারীদের ভিসার সব শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার পাশাপাশি অনুমোদিত সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত ভিসা প্রক্রিয়ার শৃঙ্খলা বজায় রাখতে এবং ভবিষ্যতে ভ্রমণ সংক্রান্ত জটিলতা এড়াতেই দূতাবাস এই জরুরি নির্দেশনা প্রদান করেছে।

















