কাতারের রাজধানী দোহায় বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই দিনের পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। তবে দুই দেশের প্রতিনিধিদের এই বৈঠকে স্থায়ী শান্তির পথে কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। বরং দুই সপ্তাহ আগে ঘোষিত অন্তর্বর্তী চুক্তিতে যেসব বিষয়ের সমাধান হয়েছে বলে দাবি করা হয়েছিল, এবারের আলোচনায় মূলত সেগুলোর ওপরই বেশি জোর দেওয়া হয়েছে।
আলোচনার বিষয়ে অবগত সূত্রগুলো জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা মূলত প্রাথমিক চুক্তির দুটি গুরুত্বপূর্ণ বিষয়—হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা ও ইরানের আটকে থাকা তহবিল ছাড় করানো নিয়ে আলোচনা করেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। খামেনিকে ৯ জুলাই দাফন করার কথা রয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, গত জুনে যে সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়েছিল, দোহা আলোচনায় সে বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সুইজারল্যান্ড শীর্ষ সম্মেলনের ফলাফলের ওপর ভিত্তি করেই এই আলোচনা এগিয়ে যাচ্ছে।
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে দুই পক্ষই এগিয়ে যাচ্ছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার কাজ ভালোভাবে এগোচ্ছে এবং তাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। তবে সূত্রগুলোর দাবি, এবারের আলোচনায় পরমাণু কর্মসূচির বিষয়টি ওঠেইনি; আলোচনা মূলত কারিগরি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, পরমাণু ইস্যুটি পরে বিবেচনা করা হবে এবং তারা এ বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলাদা বৈঠক করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউস একে উচ্চপর্যায়ের আলোচনা আখ্যা দিলেও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও শীর্ষ মার্কিন দূত স্টিভ উইটকফ এ বৈঠকে অংশ নেননি। ইরানের প্রতিনিধিদলের নেতা ও উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি আলোচনা শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনো মতবিরোধ দূর হয়েছে কি না, তা স্পষ্ট করেননি।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন এখনো বিদ্যমান। প্রাথমিক চুক্তি অনুযায়ী, এই প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কথা থাকলেও এর নিয়ন্ত্রণ নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। একটি মালবাহী জাহাজে ইরানের হামলার পর গত সপ্তাহান্তে দুই দেশ একে অপরের ওপর পাল্টা হামলা চালিয়েছে। ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বদ্ধপরিকর এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছেন। তারা বারবার বলেছে, আগস্টের মাঝামাঝি সময় থেকে তারা জাহাজ চলাচলের ওপর মাশুল বা টোল আরোপ করবে।
ট্রাম্পের মন্তব্যের পর তেলের দাম গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তেলবাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হরি মনে করেন, হরমুজ প্রণালি পুনরায় খুলতে শুরু করলেও পুরো পরিস্থিতি এখনো অসম্পূর্ণ ও অনিশ্চিত। ইউরোপের কয়েকটি দেশ মাইন অপসারণে সহায়তার প্রস্তাব দিলেও জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন, ইরানের অসহযোগিতামূলক মনোভাবের কারণে তাঁর দেশ এ উদ্যোগে অংশ নেবে না। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষের নির্ধারিত রুটের বাইরে একটি বিদেশি কনটেইনার জাহাজ অগভীর পানিতে আটকে গেছে।

















