নাটোরের বড়াইগ্রামে ধর্ষণ চেষ্টার হাত থেকে নিজেকে বাঁচাতে সুদু খাঁ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছেন এক নারী। গত শনিবার রাত আটটার দিকে বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সুদু খাঁ উপজেলার তারানগর গ্রামের হাদিল খাঁর ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সুদু খাঁ দীর্ঘদিন ধরে ওই স্বামী পরিত্যক্তা নারীকে কুপ্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। শনিবার রাত আটটার দিকে হঠাৎ সুদু খাঁ ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এতে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হয়।
ঘটনার সময় রক্তাক্ত অবস্থায় সুদু খাঁ পালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















