লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা সকাল ৯টা ৪৭ মিনিটে ঢাকায় অবতরণ করেন।
তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করেছে। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেরত আসা এই বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন। লিবিয়ায় অবস্থানকালীন সময়ে তাদের অনেকের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং তাদের অপহরণের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ফেরত আসা এই নাগরিকদের যাতায়াত খরচ, খাদ্য সহায়তা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন সাপেক্ষে সাময়িক আবাসনের ব্যবস্থা করেছে আইওএম। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবৈধ অভিবাসন ও মানবপাচারের ভয়াবহ ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ফেরত আসাদের এই তিক্ত অভিজ্ঞতা অন্যদের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৮ আগস্ট আইওএমের সহায়তায় লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। তার ঠিক দুই সপ্তাহ পর আরও ১৭৪ জন নাগরিক দেশে ফিরলেন।

















