মাদকসংক্রান্ত অপরাধের বিচারিক প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে সরকার দেশের বিভিন্ন জেলা ও মহানগরে ২২টি ‘মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল’ গঠন করেছে। আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যা গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪ক ধারায় প্রদত্ত ক্ষমতার বলে এই ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়েছে এবং প্রতিটি ট্রাইব্যুনালের জন্য পৃথক স্থানীয় এখতিয়ার ও সীমানা নির্ধারণ করা হয়েছে।
নতুন ট্রাইব্যুনাল ও তাদের অধিক্ষেত্র অনুযায়ী, ঢাকা জেলার জন্য একটি এবং ঢাকা মহানগর এলাকার থানাগুলোর জন্য চারটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর-১-এর অধীনে পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, ভাষানটেক, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, হাতিরঝিল, শেরে বাংলা নগর, রমনা ও শাহবাগ থানা অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকা মহানগর-২-এর আওতায় কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, আদাবর, কোতোয়ালী, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানা রয়েছে। ঢাকা মহানগর-৩-এর অধীনে মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা, ডেমরা, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, কদমতলী ও ওয়ারী থানা এবং ঢাকা মহানগর-৪-এর অধীনে উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর, তুরাগ, বাড্ডা, গুলশান, বনানী, ভাটারা, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জের জন্য দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলার জন্য একটি এবং চট্টগ্রাম মহানগরের জন্য তিনটি ট্রাইব্যুনাল নির্ধারণ করা হয়েছে। মাদকপ্রবণ সীমান্ত এলাকা কক্সবাজারের জন্য তিনটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যার মধ্যে কক্সবাজার-১-এর অধীনে টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী; কক্সবাজার-২-এর অধীনে উখিয়া, সদর ও ঈদগাঁও এবং কক্সবাজার-৩-এর অধীনে রামু, চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী থানা রয়েছে। পাশাপাশি কুমিল্লার জন্য দুটি এবং ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া, দিনাজপুর ও যশোর জেলার প্রতিটির জন্য একটি করে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে ন্যূনতম ৫ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাগুলো বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালগুলোতে স্থানান্তরিত হবে। মামলাগুলো যে পর্যায়ে রয়েছে, ঠিক সেই পর্যায় থেকেই নতুন ট্রাইব্যুনালে বিচারকার্য পরিচালিত হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

















