প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই পরিকল্পনার অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ের ছোট দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য মাসিক ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের জন্য ১ হাজার টাকা এবং জেলা সদর বা পৌর শহর এলাকার জন্য ২ হাজার টাকা হারে ভ্যাট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
ভ্যাট পরিশোধ প্রক্রিয়াকে সহজতর করার জন্য এনবিআর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ জমা দেওয়ার সুযোগ রাখার পরিকল্পনা করছে। এছাড়া ভবিষ্যতে এই কার্যক্রম পরিচালনার জন্য একটি পৃথক অ্যাপ চালুর বিষয়ও তাদের পরিকল্পনায় রয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে দেশের বিভিন্ন উপজেলার বাজার, বিপণিবিতান ও দোকানের তথ্য সংগ্রহের কাজ চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিটি দোকানের ধরন, অবস্থান এবং সংখ্যাসহ প্রয়োজনীয় পরিসংখ্যান সংগ্রহ করছেন। প্রথম ধাপে উপজেলার তথ্য নেওয়া হলেও পরবর্তী পর্যায়ে ইউনিয়ন পর্যায় থেকেও একই ধরনের তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে।
এনবিআরের সংগৃহীত প্রাথমিক তালিকা থেকে দেখা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার নুর নাহার প্লাজায় ৫২টি দোকান রয়েছে, যার মধ্যে চারটি শীতাতপনিয়ন্ত্রিত। এছাড়া রংপুর সিটির বেতপট্টি বাজারে ১২১টি এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী বাজারে ৫০টি দোকান রয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

















