চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে মোট ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১৩ সেপ্টেম্বর রবিবার একদিনেই দেশে ২ হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ প্রবাসী আয় এসেছে। গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৩০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসেবে বছরের ব্যবধানে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ৯ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের এই সময়ে প্রবাসী আয় ১৬ দশমিক ৯০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

















