কেরানীগঞ্জের আর্শীনগরের বাসিন্দা ফরহাদ হোসেন (২৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং। মঙ্গলবার দুপুরে আর্শীনগরের রাজ নামের একটি সেলুনে চুল কাটতে গেলে তার ওপর এই সশস্ত্র হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন ও বন্ধুদের অভিযোগ, মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ফরহাদের বন্ধু আরিফ জানান, ফরহাদ মোহাম্মদপুর মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। সেখানে এলেক্স গ্রুপ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য আরমান, সোহেল, কাল্লু ও সাব্বিরসহ ১০-১৫ জন সন্ত্রাসী তাকে ব্যবসা করতে হলে চাঁদা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তারা ফরহাদের কাছে এককালীন ৫০ হাজার টাকা এবং প্রতিদিনের জন্য আলাদা চাঁদা দাবি করেছিল। ফরহাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।
মঙ্গলবার দুপুরে ফরহাদ যখন তার বাসার অদূরে আর্শীনগর এলাকার একটি সেলুনে চুল কাটছিলেন, তখন সাব্বির ও আরমানের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিহত ফরহাদ হোসেন কেরানীগঞ্জের আর্শীনগর এলাকার মেম্বার গলিতে পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলার দোলারহাট উপজেলার নুরাবাদ গ্রামে।

















